আহসান হাবীব‘একজন খ্যাতিমান কবি ও সাহিত্যিক। আহসান হাবীবের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি পিরোজপুরের শংকরপাশা গ্রামে৷ পিতার নাম হামিজুদ্দীন হাওলাদার৷ মাতা জমিলা খাতুন৷ তাঁরা ছিলেন পাঁচ ভাই, চার বোন৷ পিতা মাতার প্রথম সন্তান ছিলেন আহসান হাবীব। পারিবারিক ভাবে তিনি সাহিত্য সংস্কৃতির আবহের মধ্যে বড় হয়েছেন৷ বাড়িতে ছিল আধুনিক সাহিত্যের বইপত্র ও কিছু পুঁথি৷ যেমন আনোয়ারা, মনোয়ারা, মিলন মন্দির প্রভৃতি৷ এসব পড়তে পড়তে একসময় নিজেই কিছু লেখার তাগিদ অনুভব করেন৷
১২/১৩ বছর বয়সে স্কুলে পড়ার সময়ই ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর একটি প্রবন্ধ ‘ধরম’ প্রকাশিত হয়৷ তার পরের বছর পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে ছাপা হয় তাঁর প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ৷ পরবর্তী সময়ে ছাত্রাবস্থায় কলকাতার কয়েকটি সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হলে নিজের সম্পর্কে আস্থা বেড়ে যায়৷এরই মধ্যে দেশ, মোহাম্মদী, বিচিত্রার মতো নামি দামি পত্রপত্রিকায় প্রকাশিত হয় তাঁর বেশ কিছু লেখা।
আহসান হাবীব পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে ১৯৩৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন৷ এরপর তিনি চলে আসেন বরিশালে৷ ভর্তি হন সেখানকার বিখ্যাত বিএম কলেজে৷ বিএম কলেজে দেড় বছর পড়ার পর ১৯৩৬ সালের শেষার্ধে কাজের খোঁজে তিনি কলকাতায় পাড়ি জমান৷








May 20th, 2012
salekkhokon 












